রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কলেজ শিক্ষক লুৎফর রহমান লিটন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত লুৎফর রহমান লিটন রাণীশংকৈল পৌর শহরের বন্দর ডাবতলী এলাকার বশির সেক্রেটারির ছেলে। তিনি রাণীশংকৈল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই সকালে লুৎফর রহমান লিটন তাঁর স্ত্রীকে মোটরসাইকেলে নিয়ে কর্মস্থল উত্তরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। পথে রাণীশংকৈল-কাঠালডাঙ্গী সড়কের পদমপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সামনে পৌঁছালে তাঁরা সড়ক দুর্ঘটনার শিকার হন। এতে লুৎফর রহমান ও তাঁর স্ত্রী দুজনেই আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। লুৎফর রহমানের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় তাঁর স্ত্রী প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত লুৎফর রহমানকে আর বাঁচানো সম্ভব হয়নি।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল বারী লুৎফর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে প্রভাষক লুৎফর রহমান লিটনের অকালমৃত্যুর খবরে তাঁর পরিবার, সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।




💬 পাঠকের মতামত (০)