আজকের শতাব্দী সত্যের সন্ধানে নিরন্তর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ভাদ্র ১৪৩৩
বিজ্ঞাপন
সারাদেশ

আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে জামায়াত-এনসিপি জোটের নীরবতা কেন—হালুয়াঘাটে এমরান সালেহ প্রিন্স

🖊নিজস্ব প্রতিবেদক:
#ময়মনসিংহ#নিষিদ্ধ আওয়ামী লীগ#সমাবেশ
আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে জামায়াত-এনসিপি জোটের নীরবতা কেন—হালুয়াঘাটে এমরান সালেহ প্রিন্স

নিষিদ্ধ  ঘোষিত আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা এবং বিরোধী দলের অপপ্রচারের প্রতিবাদে আজ বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি। হালুয়াঘাট পৌর শহরের উত্তর বাজার ধান মহালে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম এবং সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

 

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে জামায়াত-এনসিপি জোটের কোনো বক্তব্য বা প্রতিবাদ কর্মসূচি নেই কেন? বিরোধী দলের উচিত জনগণের কাছে এই প্রশ্নের জবাব দেওয়া। তিনি প্রশ্ন রেখে বলেন, জনমনে সন্দেহ সৃষ্টি হচ্ছে যে গণতন্ত্রের বিরুদ্ধে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির রাখী বন্ধনের পুনরাবৃত্তি ঘটছে কি না। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু দেশের শান্তি, জননিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশের প্রশ্নে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দলের নীরব থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, জামায়াত-এনসিপির নেতারা আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান না নিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে এক দফার হুমকি দেওয়া, দায়িত্বজ্ঞানহীন কর্মসূচি ও লাগামহীন বক্তব্যের মাধ্যমে গণঅভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে লাভবান করছেন এবং তাদের নাশকতার সাহস জোগাচ্ছেন। বিরোধিতার নামে এমন অপরিণামদর্শী রাজনীতি করা উচিত নয়, যার সুযোগ নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী তৎপরতা বিস্তারের অবকাশ তৈরি হয়। সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে কেউ রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করলে জনগণ তার জবাব দেবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

 

বিজ্ঞাপন

 

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল ও সদস্য সচিব আনিসুর রহমান মানিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে হালুয়াঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হালুয়াঘাট শহীদ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। মিছিলে সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ইয়াসির খান চৌধুরী, অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম ও মোতাহার হোসেন তালুকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। 

বিজ্ঞাপন

💬 পাঠকের মতামত (০)

  • এই খবরে এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।
← সব সংবাদ

আরও পড়ুন