নওগাঁয় জমি নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত, গ্রেফতার ২
- প্রকাশের সময় ০৯:০১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- / ৭ Time View
নওগাঁর বদলগাছী উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে মীর ইসমাইল হোসেন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার শেরপুর গ্রামের মৃত মীর ইয়াসিন আলীর ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই ২০২৬ তারিখে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি সহিংস হয়ে উঠলে ছোট ভাই মীর মোশারফ হোসেনের লাঠির আঘাতে বড় ভাই মীর ইসমাইল হোসেন গুরুতর আহত হন। এ সময় ইসমাইল হোসেনের স্ত্রী ও সন্তানও আহত হন।
ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত বদলগাছী উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার সাথে জড়িত ২ জন আসামিকে গ্রেফতার করেছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।




















