ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে তৃণমূলে জোর প্রচারণায় চেয়ারম্যান প্রার্থী হাজী মো. ফরহাদ হোসেন
- প্রকাশের সময় ০৭:৪২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
- / ৪৭ Time View
শেরপুরের নালিতাবাড়ীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজ অবস্থানকে শক্তিশালী করতে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী হাজী মো. ফরহাদ হোসেন।
নির্বাচনী মাঠ চাঙা করতে তিনি গ্রামবাংলার প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে হাট-বাজার, চায়ের দোকান ও সাধারণ মানুষের কর্মস্থলে ঘুরে বেড়াচ্ছেন। সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা, চাওয়া-পাওয়া ও প্রত্যাশার কথা শুনছেন তিনি।
গত শনিবার রাতে ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেছেন তিনি। প্রচারণার অংশ হিসেবে হাজী মো. ফরহাদ হোসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। বিশেষ করে যুবসমাজ, দিনমজুর, ব্যবসায়ী ও খেটে খাওয়া মানুষের সঙ্গে আলাদা করে মতবিনিময় করে তাদের সমর্থন কামনা করেন।
চেয়ারম্যান প্রার্থী হাজী মো. ফরহাদ হোসেন বলেন,“আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য। রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থান, নারীর অধিকার নিশ্চিতকরণ এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে নিরলসভাবে কাজ করি।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হিসেবে ক্ষমতা নয়, জনগণের সেবা করাই তার মূল উদ্দেশ্য। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিষদ পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি
স্থানীয় বাসিন্দারা জানান, হাজী মো. ফরহাদ হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। বিভিন্ন সংকটে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে অভিযোগ নয়, বরং প্রশংসাই বেশি শোনা যাচ্ছে। মানুষের সঙ্গে সহজভাবে মিশতে পারা এবং হাসিমুখে কথা বলার কারণে ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।
এদিকে নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই প্রচারণার গতি বাড়াচ্ছেন এই চেয়ারম্যান প্রার্থী। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি সকল ভোটারের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।














