মাঠ নেই, তবু স্বপ্ন আছে—স্থায়ী খেলার মাঠ চান চকমোকামিয়ার তরুণরা
- প্রকাশের সময় ০৬:৫৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
- / ২৩ Time View
মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ধুরাইল ইউনিয়নের চকমোকামিয়া এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে চকমোকামিয়া গ্রামের সিনিয়র একাদশ ও জুনিয়র একাদশ নামে দুইটি দল অংশ নেন। খেলায় সিনিয়র একাদশ ২-০ গোলে জুনিয়র একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খোলা ও অস্থায়ী মাঠে আয়োজিত ম্যাচগুলোতে খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
স্থানীয় সচেতন নাগরিকরা মনে করেন, চকমোকামিয়া এলাকায় একটি স্থায়ী খেলার মাঠ নির্মাণ করা হলে খেলাধুলার পরিবেশ যেমন উন্নত হবে, তেমনি মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখবে।
টুর্নামেন্টে অংশ নেওয়া মাশরাফি বলেন,“খেলাধুলা আমাদের মাদক থেকে দূরে রাখে। নিয়মিত খেলার সুযোগ পেলে তরুণরা কখনোই নেশার পথে যাবে না। আমরা চাই অনলাইন মিডিয়া থেকে বের হয়ে যেন তরুণরা ভাল কাজে লেগে থেকে সেই থেকে ফুটবল খেলা। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এলাকায় এখনো কোনো স্থায়ী খেলার মাঠ নেই।”
আরেক খেলোয়াড় তানভীর হাসান জয় জানান,“অসমতল ও অস্থায়ী মাঠে খেলতে গিয়ে প্রায়ই চোট পাওয়ার ঝুঁকি থাকে। একটি স্থায়ী ও মানসম্মত মাঠ হলে আমরা আরও ভালোভাবে খেলাধুলা করতে পারতাম। আমাদের এলাকায় অনেক খাস জমি রয়েছে এগুলো উদ্ধার করে খেলার মাঠ তৈরি করা হলে আমাদের অনেক উপকার হতো।
স্থানীয় বিএনপি নেতা ও সমাজসেবক হারুণ-অর রশিদ বলেন, “মাদকবিরোধী সচেতনতা তৈরির পাশাপাশি যুবসমাজকে ঐক্যবদ্ধ করাই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনাও রয়েছে তাদের।” খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা বিএনপি নেতা হারুণ- অর রশিদ সহ স্থানীয় মফিজ উদ্দিন বিএসসি, সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন, ইউপি সদস্য সুলতান আহমেদ, খলাভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সামছুজামান, কন্টেন্ট কিয়েটর আলমগীর হোসেন প্রমুখ।











