হালুয়াঘাটে মাদকবিরোধী সমাবেশ ও মানববন্ধন
#হালুয়াঘাট#মাদকবিরোধী#আন্দোলন

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের চৌরাস্তা বাজারে মাদকবিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মাদককে সামাজিক ব্যাধি আখ্যা দিয়ে যুবসমাজকে এর ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন করতে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও সমাবেশে মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আইলাতলী প্রতিশ্রুতি শান্তি সংঘের সভাপতি মো. আলী আজগর, নব জাগরণ যুব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি নূর মোহাম্মদ সুমন, গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু) হালুয়াঘাট শাখার সভাপতি প্রভাত দ্রং এবং মহাজনিকান্দা স্টুডেন্ট ক্লাবের সভাপতি ফিরুজ আহমেদ।
এছাড়াও কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, অভিভাবক এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি বড় হুমকি। মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ও ধারাবাহিক পদক্ষেপ জোরদারের দাবি জানান তাঁরা।
বিজ্ঞাপন




💬 পাঠকের মতামত (০)