যুবকদের হাতে বিকল্প কর্মসংস্থান না দিলে মাদকের করাল গ্রাস থেকে মুক্তি মিলবে না: ডেপুটি স্পিকার
- প্রকাশের সময় ০১:৪১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ১৭ Time View
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি বলেছেন, মাদকের করাল গ্রাসে নিমজ্জিত যুবসমাজকে শুধু মাদক বর্জনের উপদেশ দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। তরুণদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। তাদের হাতে কাজ তুলে দিতে না পারলে যুবশক্তিকে সঠিক পথে ফিরিয়ে আনা অসম্ভব।
শনিবার (১৮ জুলাই) সকালে বাগেরহাট শহরে ‘লতিফ মাস্টার ফাউন্ডেশন’-এর উদ্যোগে প্রতিষ্ঠিত ‘স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি’ (স্কিল-আইটি)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় ডেপুটি স্পিকার আরো বলেন, মাদক বর্তমান সময়ে শুধু একটি সামাজিক সমস্যা নয়, এটি জাতীয় উন্নয়নেরও বড় অন্তরায়। যুবসমাজকে রক্ষা করতে হলে তাদের জন্য প্রযুক্তিভিত্তিক শিক্ষা ও কর্মসংস্থানের পথ উন্মুক্ত করতে হবে। স্কিল আইটির মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে উঠলে তরুণরা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে সক্ষম হবে। তিনি মনে করেন, শুধুমাত্র আইন প্রয়োগ করে মাদক নির্মূল করা সম্ভব নয়; এর জন্য প্রয়োজন সামাজিক আন্দোলনের পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করা।
লতিফ মাস্টার ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম এবং লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা সিপিএ রফিকুল ইসলাম জগলু।
অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, তথ্যপ্রযুক্তিনির্ভর এই ইনস্টিটিউট বাগেরহাটের তরুণদের দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, সাংবাদিক, সমাজসেবী এবং স্থানীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
















