ময়মনসিংহে ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা
- প্রকাশের সময় ১২:৪৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / ৭ Time View
হালুয়াঘাট উপজেলায় মানসিক ভারসাম্যহীন ছেলের ধারালো দায়ের কোপে মজিবুর রহমান (৫৫) নামে এক পিতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে আজ সকালে ঘুমন্ত অবস্থায় তার নিজ বাড়ীতে কুপিয়ে আহত করা হয়।
নিহত মজিবুর রহমান উপজেলার ৪নং সদর ইউনিয়নের খন্দকপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। অভিযুক্ত ছেলে ফারুক আহমেদ (৩০) আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে মজিবুর রহমান নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার মানসিক ভারসাম্যহীন ছেলে ফারুক আহমেদ হঠাৎ ধারালো দা দিয়ে তার পিতাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।











