চায়ের আড্ডায় বইয়ের ছোঁয়া: নালিতাবাড়ীর ‘পথ পাঠাগারে’
- প্রকাশের সময় ১০:২৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
- / ২৩ Time View
চায়ের দোকানের আড্ডা মানেই হইহুল্লোড় আর রাজনৈতিক আলাপ। কিন্তু শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মাথাফাটা বাজারের ‘খোকন কফি হাউজ ও পথ পাঠাগার’ যেন সেই চিরাচরিত ধারণাকে বদলে দিয়েছে। চায়ে চুমুক দেওয়ার ফাঁকে এখানে পাঠক খুঁজে নিচ্ছেন প্রিয় লেখকের বই। পাঠাভ্যাস গড়ে তোলার এই উদ্যোগকে আরও বেগবান করতে আজ শুক্রবার ১১ টায় পাঠাগার প্রাঙ্গণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
হালুয়াঘাট ইসলামি মিশন মহিলা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা আঃ লতিফের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও রূপনারায়ণকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাইদুল ইসলাম।
প্রধান অতিথি চেয়ারম্যান সাইদুল ইসলাম পাঠাগারের এই যাত্রায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং তরুণদের বইমুখী হওয়ার আহ্বান জানান।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাঠাগার পরিচালক তৌফিকুর রহমান খোকন, সঙ্গীত শিল্পী
মোস্তফা কামাল, সনাক-টিআইবি নালিতাবাড়ীর সাবেক ইয়েস দলনেতা আবু রাসেল, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন এবং পাঠাগারের সদস্যবৃন্দের মধ্যে নাজমুল, মোস্তফা কামাল, অয়ন তালুকদার, রিয়াজ, লিটন ও ফিরোজ প্রমুখ।
চায়ের দোকানে বইয়ের এমন ব্যতিক্রমী আয়োজন এলাকাবাসীর মধ্যে দারুণ সাড়া ফেলেছে। স্থানীয়রা মনে করছেন, ‘পথ পাঠাগার’ নালিতাবাড়ীর তরুণদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে আলোকিত পথে এগিয়ে নিতে বিশেষ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “বর্তমান সময়ে ইন্টারনেটের যুগে বই থেকে দূরে সরে যাচ্ছে নতুন প্রজন্ম। এমন সময়ে মাথাফাটা বাজারে ‘পথ পাঠাগার’ স্থাপনের মাধ্যমে বইকে মানুষের হাতের নাগালে নিয়ে আসা একটি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এই পাঠাগার কেবল বই পড়ার জায়গা নয়, এটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের একটি ক্ষুদ্র কিন্তু শক্তিশালী কেন্দ্রবিন্দু।”












