দুর্গাপুরে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজশাহীর দুর্গাপুরে পুকুরে পানি সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে জাহাঙ্গীর আলম (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার নওপাড়া ইউনিয়নের যুগিশো গ্রামের আঙরার বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম একই গ্রামের রইচ উদ্দিনের ছেলে। সে স্থানীয় পল্লী চিকিৎসক শরফি উদ্দিনের পুকুর দেখাশোনা করতেন।
স্থানীয়রা জানান, আঙরার বিল এলাকায় বিভিন্ন পুকুরে সেচের জন্য পল্লীবিদ্যুতের সংযোগ রয়েছে। আজ দুপুরে জাহাঙ্গীর স্থানীয় পল্লী চিকিৎসক শরীফ উদ্দিনের পুকুরে মোটরের মাধ্যমে এক পুকুর থেকে অন্য পুকুরে পানি সেচের জন্য পানির লাইন স্থাপন করছিলেন। অসাবধানতাবশত বৈদ্যুতিক সকেটে তার হাত লেগে যায়, শরীর ভেজা থাকায় সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা ফিরোজ জানান, জাহাঙ্গীর দিন মজুরির কাজ করে পরিবার চালাতেন। এমন মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, নিহত শ্রমিকের শরীর ভেজা ছিল। বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় তাঁর হাতের আঙুল সকেটের ভেতরে ঢুকে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।




💬 পাঠকের মতামত (০)