শেরপুরে বাস-লরি সংঘর্ষ নিহত লরি চালক
- প্রকাশের সময় ০৬:৪০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ১৭ Time View
শেরপুরের নকলা উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় হাসিম মিয়া (৩০) নামে এক লরি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় লরির হেলপার হামিদুর রহমান (৩৫) গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার (৯ মে) সকাল ৯টার দিকে নকলা পৌরশহরের জালালপুর ম্যানেজার মার্কেট এলাকায় ঢাকা–শেরপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিম মিয়া উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের তেঘরি গ্রামের সামছুল হকের ছেলে। তিনি বিবাহিত এবং পেশায় লরি চালক ছিলেন। আহত হামিদুর রহমান পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ফুলবাড়ি সুন্দরদীঘি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে হাসিম মিয়া লরিতে বৈদ্যুতিক মালামাল নিয়ে নকলা থেকে শেরপুর জেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জালালপুর ম্যানেজার মার্কেট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস লরিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লরি চালক হাসিম মিয়া নিহত হন এবং হেলপার হামিদুর রহমান গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসিম মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত হামিদুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।













