Uncategorized

ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলাকেটে হত্যা, পুকুরপাড় থেকে লাশ উদ্ধার

#ময়মনসিংহ#গলাকাটা#হত্যা#উদ্ধার#ধোবাউড়া#লাশ
ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলাকেটে হত্যা, পুকুরপাড় থেকে লাশ উদ্ধার
ময়মনসিংহের ধোবাউড়ায় দুলাল মিয়া (৫৪) নামে এক ধান ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টার দিকে বাঘবেড় ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে বাড়ির কাছে এক পুকুরপাড় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।   নিহত দুলাল মিয়া উপজেলার একই গ্রামের বাসিন্দা এবং পেশায় ধান ব্যবসায়ী। পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, দুলাল মিয়া উপজেলার মুন্সিরহাট বাজারে ধানের ব্যবসা করতেন। প্রতিদিনের মতো ব্যবসায়িক কাজ শেষে বাড়ি ফিরলেও গতকাল রোববার রাতে তিনি বাজার থেকে বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন ধারণা করেছিলেন, তিনি হয়তো ব্যবসায়িক কাজে বাইরে কোথাও গেছেন। তার ব্যবহৃত ফোন বন্ধ থাকায় পরিবারের উদ্বেগ বাড়ে। এদিকে আজ সকালে বাড়ি থেকে ৩০০ গজ দূরে একটি পুকুরপাড়ে দুলালের গলাকাটা লাশ দেখতে পেয়ে স্বজনদের খবর দেন এলাকাবাসী। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। দুলালের চাচাতো ভাই জামান খান বলেন, ‘ দুলল ভাই এর কারো সঙ্গে কোন বিরোধ ছিলনা এলাকায়। যারা এই হত্যাকান্ডের সাথে জড়িত তাদের শাস্তিদাবি করছি।' ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কারা ও কী কারণে হত্যা করেছে, তা উদ্‌ঘাটনে আমরা কাজ করছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

💬 পাঠকের মতামত (০)

  • এই খবরে এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।
← সব সংবাদ

আরও পড়ুন