কালবৈশাখীর ঝড়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের দক্ষিণ কোচাশহর গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে অন্তত ৩০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত রোববার (২৬ এপ্রিল) বিকেলে হঠাৎ করে আকাশে কালো মেঘ জমে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়। ঝড়ের তাণ্ডবে কোচাশহর বালিকা উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি কাঁচা ঘরবাড়ির টিন উড়ে যায়। অনেক গাছ উপড়ে পড়ে এবং জমিতে থাকা পাকা ও আধাপাকা ফসল নষ্ট হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, ঝড়ে গ্রামের বসতঘর ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বড় ধরনের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেক পরিবারকে এক বস্তা চাল ও নগদ অর্থ সহায়তা দেবেন।
ক্ষতিগ্রস্ত মো. খাজা মিয়া, শফিকুল ইসলাম, জামরুল ইসলাম ও হাবিব মিয়া জানান, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকটি পরিবার খোলা আকাশের নিচে অবস্থান করছে। তারা দ্রুত সরকারি সহায়তার দাবি জানান।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ক্ষয়ক্ষতির হিসাব নেওয়া হচ্ছে। দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
💬 পাঠকের মতামত (০)