সারাদেশ

নিসা মনির পরিবারকে স্বাবলম্বী করতে অটোরিকশা উপহার দিলেন বিএনপি নেতা প্রিন্স

#ময়মনসিংহ#ধোবাউড়া#উপহার#নিসামনি
নিসা মনির পরিবারকে স্বাবলম্বী করতে অটোরিকশা উপহার দিলেন বিএনপি নেতা প্রিন্স

ধোবাউড়ার গোয়াতলায় নির্মমভাবে ধর্ষণ ও হত্যার শিকার শিশু নিসা মনির পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পরিবারের জীবিকা নির্বাহের সুবিধার্থে নিসা মনির বাবা রাজু মিয়ার কর্মসংস্থানের জন্য তিনি একটি অটোরিকশা (অটোবাইক) উপহার দিয়েছেন।

শনিবার দুপুরে ধোবাউড়া জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে রাজু মিয়ার হাতে অটোরিকশার চাবি তুলে দেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

অটোবাইকটি গ্রহণ করার সময় রাজু মিয়া আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “সন্তান হারানোর শোক কোনো কিছুতেই পূরণ হওয়ার নয়। তবে আমার পরিবারের অন্নসংস্থানের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা আমাকে কিছুটা সাহস জোগাবে।” একই সঙ্গে তিনি নিসা মনি হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে সৈয়দ এমরান সালেহ প্রিন্সের ব্যক্তিগত তৎপরতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে দলের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বিএনপি সবসময় আপসহীন।

তিনি আরও বলেন, “মানুষের দুঃখ-কষ্ট লাঘব করে তাদের আত্মনির্ভরশীল করে তোলাই আমাদের রাজনীতির অন্যতম লক্ষ্য। আজকের এই ক্ষুদ্র উদ্যোগ যদি রাজু মিয়ার জীবনে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে পারে, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।”

এ সময় উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, গোয়াতলা ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম তালুকদার টোটন, আব্দুল মোমেন শাহীন, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আনসার আলী তুলাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

💬 পাঠকের মতামত (০)

  • এই খবরে এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।
← সব সংবাদ

আরও পড়ুন