রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ট্রলিচাপায় গুরুতর আহত সাদিকুল ইসলাম রাকিব (৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয়। রাকিব বাগমারা উপজেলার তাহেরপুর এলাকার খুরশেদ আলম ও শারমিন বেগমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার (৭ জুন) সকালে দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল রাকিব। এ সময় তাহেরপুর দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলি তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনায় তার হাত-পা ও মাথায় গুরুতর আঘাত লাগে। দুই দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।