ধোবাউড়ায় এমপি সালমান ওমরের নিজস্ব অর্থায়নে বেইলী ব্রিজ সংস্কার, জনদুর্ভোগ লাঘব
- প্রকাশের সময় ০১:৩০:০০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ২২ Time View
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার জনগুরুত্বপূর্ণ একটি বেইলী ব্রিজ দীর্ঘ দিন ধরে ভগ্নদশায় পড়ে থাকার ফলে স্থানীয় হাজার হাজার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছিল। এলাকাবাসীর সেই দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে ব্যক্তিগত অর্থায়নে এগিয়ে এলেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) সালমান ওমর। তাঁর অর্থায়নে ব্রিজটির সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর এটি এখন সাধারণ পথচারী ও ছোট যানবাহনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
আজ শনিবার সকালে ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসেন আনুষ্ঠানিকভাবে ব্রিজটি উদ্বোধন করেন।
এর আগে, গত ৭ জুন একটি বালুবাহী ট্রাক পারাপারের সময় সেতুটির একাংশ ভেঙে গেলে দুই পাড়ের মানুষের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে স্থানীয়দের ভোগান্তি চরমে পৌঁছালে বিষয়টি নজরে আসে ময়মনসিংহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) সালমান ওমর রুবেলের। পরে তাঁর সার্বিক সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে জনদুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে মজবুত কাঠ দিয়ে ভেঙে যাওয়া অংশটি সংস্কার করা হয়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা জাহাঙীর জানান, “এমপি মহোদয় নিজের অর্থায়নে দ্রুত ব্রিজটি মেরামত করে দিয়েছেন, যা আমাদের যাতায়াতের প্রধান পথ ছিল। এতে আমাদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হয়েছে। আমরা তাঁর এই মানবিক উদ্যোগের প্রশংসা করি।”
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল, গোয়াতলা ইউপি চেয়ারম্যান জাকিরুল ইসলাম তালুকদার টুটন, সাবেক ইউপি চেয়ারম্যান কছিম উদ্দিন বিশ্বাস, শামসুর রশিদ মজনুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনগণ।











