বকেয়া বিদ্যুৎ বিলের জেরে হালুয়াঘাটে পল্লী বিদ্যুতের কর্মচারীদের ওপর দা নিয়ে হামলার চেষ্টা, আটক ১
- প্রকাশের সময় ০৩:৩০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ৮ Time View
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় দীর্ঘদিনের বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের ওপর দা নিয়ে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
রোববার উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের বাঘাইতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।
অভিযুক্ত গ্রাহকের নাম আবু বকর সিদ্দিক। তিনি ভূবনকুড়া ইউনিয়নের বাঘাইতলা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে অন্তত সাত মাসের বিদ্যুৎ বিল বকেয়া রাখার অভিযোগ রয়েছে।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি–৩ জানায়, উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের বাঘাইতলা এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক। সে পল্লী বিদ্যুতের একজন গ্রাহক। তিনি অন্তত ৭ মাস ধরে বিদ্যুৎ বিল পরিশোধ করছেন না। পল্লী বিদ্যুতের নিয়ম অনুযায়ী বকেয়া বিল আদায়ের জন্য একাধিকবার নোটিশ দেওয়া হলেও আবু বকর সিদ্দিক বিল পরিশোধে কোনো উদ্যোগ নেননি। উল্টো নোটিশ পেয়ে তিনি ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখান।
এদিকে আজ রোববার দুপুরে পল্লী বিদ্যুৎ সমিতির একটি দল৷ (লাইনম্যান মাজহারুল ইসলাম,অফিস সহকারী রাশেদুল ইসলাম, মিটার রিডার নাজমুল আলম) বকেয়া বিলের কারণে তার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। এসময় অভিযুক্ত ওই গ্রাহক তাঁদের উপর চড়াও হয়ে পুনরায় লাইন সংযোগ দিয়ে সেখান থেকে চলে যেতে হুমকী দেন। তাঁরা সে কাজ না করায় একপর্যায়ে তিনি দা হাতে নিয়ে কর্মচারীদের ওপর হামলার চেষ্টায় দৌড়ে আসেন এবং হুমকি ও গালিগালাজ করেন। পরে একজন স্থানীয় একজন তাকে আটকিয়ে দা নিয়ে নেন। কিন্তু তাতে তিনি শান্ত হননি। কর্মচারীদের তিনি আটকে রাখেন। পরে ওই কর্মচারীরা ডিজিএম কে জানালে থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে হালুয়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের উদ্ধার করে এবং অভিযুক্ত আবু বকর সিদ্দিককে ঘটনাস্থল থেকেই আটক করে।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি–৩ এর হালুয়াঘাট জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মাহমুদুল হাসান মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। নিয়ম অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে অভিযুক্ত ব্যক্তি সহিংস আচরণ করেন এবং আমাদের কর্মচারীদের ওপর হামলার চেষ্টা চালান।’
এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন

















