জামালপুর সীমান্তে ৩৬৯ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার
র্যাব ১৪ এর অভিযানে ৩৬৯ বোতল ভারতীয় মদসহ ২ জন গ্রেফতার
- প্রকাশের সময় ০৩:০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ৬৭ Time View
জামালপুরের সীমান্তবর্তী এলাকায় র্যাব-১৪ এর অভিযানে ৩৬৯ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) ভোর রাতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।
র্যাব সূত্র জানায়, সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ সকল ধরনের অপরাধ দমনে র্যাব ও ফোর্সেস আপসহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ শামিম আহম্মেদ (২০) ও মোঃ ছামিদুল ইসলাম সাব্বির (১৯)। তাদের হেফাজত থেকে ৩৬৯ বোতল বিদেশি (ভারতীয়) মদ এবং একটি সুজুকি ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত বিদেশি মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য প্রায় ১৬ লাখ টাকা এবং মোটরসাইকেলের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।



















