ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তার ঘোষণা
ঠাকুরগাঁওয়ে মনোনয়ন যাচাইয়ে মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ
- প্রকাশের সময় ১১:৫০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / ৫৯ Time View
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
শনিবার সকাল ১১টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইসরাত ফারজানা প্রার্থীদের মনোনয়ন বৈধ ও বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেলোয়ার হোসেন এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মোঃ খাদিমুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেন। কাগজপত্রে কোনো ত্রুটি না থাকায় তিনজনের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়।
ঠাকুরগাঁও-২ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ রেজাউল করিম এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাহাবউদ্দিন আহাম্মেদের মনোনয়নপত্রে সংশোধনযোগ্য ত্রুটি থাকায় সেগুলো স্থগিত রাখা হয়েছে।
অন্যদিকে ঠাকুরগাঁও-৩ আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিনের মনোনয়নপত্র সংশোধনযোগ্য ত্রুটি থাকায় স্থগিত করা হয় এবং স্বতন্ত্র প্রার্থী আশা মনির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
মনোনয়ন যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসন সূত্র জানায়, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরবর্তী ধাপগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।














