শহীদদের প্রতি শ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ ও কুচকাওয়াজে দিনব্যাপী কর্মসূচি
জামালপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
- প্রকাশের সময় ১২:৫৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / ১৯২ Time View
রক্তস্নাত বিজয়ের ৫৪তম মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করেছে জামালপুর জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জামালপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্যোগে শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এবং পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জামালপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনের এই গৌরবোজ্জ্বল দিনটি উদযাপন করা হয়।

















