জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় মুক্তিযুদ্ধের গৌরবময় স্মৃতিচারণ
ময়মনসিংহ মুক্ত দিবসের বর্ণাঢ্য আয়োজন
- প্রকাশের সময় ০৯:৪২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ১৮৯ Time View
ময়মনসিংহের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত দিন ময়মনসিংহ মুক্ত দিবস বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আয়োজন করা হয় জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার।
সকালে শহরের ছোটবাজার মুক্তমঞ্চে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধারা জড়ো হন। পরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল এবং জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
উদ্বোধনী পর্ব শেষে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে র্যালিটি ছোটবাজার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় দিনটি উপলক্ষ্যে আলোচনা সভা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল বলেন, “১০ ডিসেম্বর—ময়মনসিংহবাসীর জন্য গৌরবময় একটি দিন। দীর্ঘ নয় মাসের যুদ্ধের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধারা আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন।”
তিনি শহীদ মুক্তিযোদ্ধা, সম্ভ্রম হারানো মা-বোনদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের ত্যাগকে জাতির অনন্ত প্রেরণা বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন,“প্রতিদিন যে লাল-সবুজের সূর্যোদয় দেখি—তা এসেছে মুক্তিযোদ্ধাদের অপরিসীম ত্যাগের বিনিময়ে। জাতি তাদের প্রতি চিরকৃতজ্ঞ।”
আলোচনা সভায় মুক্তিযুদ্ধের ইতিহাস, ময়মনসিংহের মুক্তির প্রেক্ষাপট এবং বীরদের অবদান স্মরণ করা হয়। প্রবীণ মুক্তিযোদ্ধারা তাদের স্মৃতিচারণ করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় সমাপনী বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম।

















