দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের ভোটের মাধ্যমে প্রত্যাখ্যানের আহ্বান
চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না: চরমোনাই পীর
- প্রকাশের সময় ০২:৫৫:০০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / ১৮১ Time View
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, স্বাধীন দেশের ৫৩ বছরে যারা ক্ষমতায় ছিল, তারা বিদেশে টাকা পাচার করেছে এবং উন্নয়নের নামে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তিনি আরও বলেন, “দুর্নীতিবাজ, চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে আর হবে না। জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করবে।”
বুধবার (১০ ডিসেম্বর) বিকাল ৪টায় মোংলা উপজেলার শাপলা চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোংলা উপজেলা ও পৌর শাখার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি চরমোনাই পীর সাবেক সরকারগুলোর বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার ও জনগণের ভোটাধিকার হরণের অভিযোগ তুলে বলেন, ভোটের মাধ্যমে দুর্নীতিবাজদের উৎখাত করা হবে। তিনি জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রোধ করার আহ্বান জানান।
চরমোনাই পীর বলেন, “ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি থাকবে না, অবিচার থাকবে না, খুনাখুনি থাকবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না। আমরা একটি সুখী ও সমৃদ্ধশালী ইসলামী কল্যাণ রাষ্ট্র উপহার দেব ইনশাল্লাহ।”
উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মোঃ রেজাউল করীম মৃধা’র সভাপতিত্বে সমাবেশে বিশেষ বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) জেলা শাখার কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ আলহাজ্ব শেখ জিল্লুর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাও. আব্দুল আউয়াল, কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, জেলা শাখার সভাপতি হাফেজ মাও. মাহফুজুর রহমান, সেক্রেটারি হাফেজ মাও. মোশাররফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ ইকবাল, মোংলা পৌর শাখার সভাপতি হাফেজ মাও. রেজাউল করীম এবং উপজেলা, পৌর, ইউনিয়ন ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ।















