অদম্য নারীকে স্বীকৃতি দিতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার যৌথ উদ্যোগে সম্মাননা প্রদান
মোংলায় বেগম রোকেয়া দিবসে ৫ নারী জয়িতা সম্মাননা পেলেন
- প্রকাশের সময় ১০:১৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ১৯৩ Time View
‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলায় বেগম রোকেয়া দিবস-২০২৫ ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিষদ চত্বর মিলনায়তনে অদম্য নারীদের সম্মাননা প্রদানের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার জোবায়ের হোসেন এবং থানা পুলিশের ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন।
বক্তারা বলেন, নারী-পুরুষের সমতা ও সহিংসতামুক্ত সমাজ গঠন করতে হলে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় নেতৃত্বের সমন্বিত প্রচেষ্টার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা শেষে শিক্ষা, চাকরি, অর্থনৈতিক সাফল্য, জননী হিসেবে সাফল্য এবং নির্যাতন থেকে ঘুরে দাঁড়ানোসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জন অদম্য নারী জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
জয়িতা পুরস্কারপ্রাপ্তরা হলেন:
-
অর্থনৈতিক সাফল্য: লাবনী হালদার
-
শিক্ষা ও চাকরিতে সাফল্য: অনন্যা ইয়াসমিন
-
সফল জননী: মোসা. রেবেকা বেগম
-
নির্যাতন থেকে ঘুরে দাঁড়ানো নারী: মুন্নি বেগম
-
সমাজ উন্নয়নে অবদান: বৃষ্টি বৈরাগী
স্থানীয় প্রশাসন জানায়, এ সম্মাননা নারীদের ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।




















