সততা চর্চায় তরুণদের অগ্রণী ভূমিকার আহ্বান জেলা প্রশাসকের
জামালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন
- প্রকাশের সময় ০৪:৩২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ১৭৬ Time View
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ উদ্যোগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) নানা আয়োজন অনুষ্ঠিত হয়।
সকালে দুদক জেলা কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
দুর্নীতিবিরোধী মানববন্ধন ও শোভাযাত্রা
দিবসটি উপলক্ষে শহরের বকুলতলা মোড়ে বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে শেষ হয়, যেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
দুর্নীতির বিরুদ্ধে নীতিনিষ্ঠ নেতৃত্বের গুরুত্ব
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন—“কোনো প্রতিষ্ঠানের কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত হলে তার দায় প্রতিষ্ঠান প্রধানের ওপরও বর্তায়। সৎ ও দক্ষ নেতৃত্বই দুর্নীতি প্রতিরোধে মুখ্য ভূমিকা পালন করে।”
তিনি আরও বলেন—মানুষ জন্মগতভাবে পঙ্কিলতা মুক্ত থাকে; পরিবেশ ও পরিস্থিতির কারণে দুর্নীতির দিকে ঝোঁক তৈরি হয়। সততা চর্চার ভিত্তি হতে হবে পরিবার ও বিদ্যালয়।”
তার মতে, ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করাই দুর্নীতি।
জেলা প্রশাসক মনে করেন, দায়িত্বশীল আচরণ ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিয়ে আনা সম্ভব। তরুণদের আরও সোচ্চার হয়ে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
অন্যদের বক্তব্য
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন—
অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন
সনাক সভাপতি শামিমা খান
দুপ্রক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম
সাংবাদিক মুখলেছুর রহমান লিখন
এডভোকেট ইউসুফ আলী প্রমুখ।
রাতভর প্রচারণা
দিবসটির আগের রাতে শহরের বিভিন্ন স্থানে দুর্নীতিবিরোধী ব্যানার ও পোস্টার টানানো হয়, যা জনসচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখে।
জানানো হয়, জামালপুর জেলার বিভিন্ন উপজেলায়ও একইদিনে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়েছে।

















