মোবাইল আসক্তি কমিয়ে নামাজে আগ্রহী করতে যুবসমাজের অনন্য আয়োজন
পাথরঘাটায় কিশোরদের মসজিদমুখী করতে ব্যতিক্রমী উদ্যোগ
- প্রকাশের সময় ১১:০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ২৬৪ Time View
কিশোর ও যুবকদের মোবাইল আসক্তি কমিয়ে নামাজ ও ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহী করতে বরগুনার পাথরঘাটায় এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্থানীয় যুবসমাজ। তাদের উদ্দেশ্য—তরুণ প্রজন্মকে ধর্মীয় চর্চায় যুক্ত করা, মসজিদমুখী করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।
পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ি জামে মসজিদে শুক্রবার জুমার নামাজের আগে এই বিশেষ আয়োজন করা হয়। নামাজে আগ্রহী কিশোর-তরুণদের হাতে পুরস্কার তুলে দেন মসজিদের খতিব মাওলানা জিয়াউর রহমান, নাচনাপাড়া ইউনিয়ন ইমাম সমিতির সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম এবং বরগুনা পৌর ছাত্রশিবিরের সভাপতি মো. ফেরদাউস।
মসজিদের খতিব মাওলানা জিয়াউর রহমান বলেন, “বর্তমান সমাজে শিশু-কিশোররা মোবাইলে অত্যধিক আসক্ত হয়ে পড়ছে। তাদের সঠিক পথে আনতে হলে নামাজের বিকল্প নেই। এমন উদ্যোগ যারা নিয়েছেন তারা সমাজের জন্য ভালো উদাহরণ স্থাপন করেছেন।”
নাচনাপাড়া ইউনিয়ন ইমাম সমিতির সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম বলেন, “‘নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে দূরে রাখে’—পবিত্র আল কোরআনের এই বাণী আমাদের পথ দেখায়। যুবসমাজকে নামাজে মনোযোগী ও মসজিদমুখী করতে এটি আমাদের দ্বিতীয় উদ্যোগ। সবাই সহযোগিতা করায় সফলভাবে আয়োজন সম্পন্ন হয়েছে।”
স্থানীয়রা জানান, এমন কার্যক্রমের মাধ্যমে কিশোর-তরুণদের মধ্যে নামাজের প্রতি আগ্রহ বেড়েছে। অনেকে এখন নিয়মিত মসজিদে আসছেন, যা পুরো সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দিচ্ছে।
























