সন্তানের পিতার পরিচয় অজ্ঞাত—৯৯৯-এ ফোনে উদ্ধার, হাসপাতালে নিরাপদ প্রসব
পাগলী রাহিমার কোলে পিতৃপরিচয়হীন ছেলে শিশু
- প্রকাশের সময় ১২:০৯:২২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ১৯৯ Time View
বরগুনার আমতলীতে ‘পাগলী রাহিমা’ নামে পরিচিত এক নারী এক ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। তবে নবজাতকের পিতা কে—তা কেউ জানে না, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি ওয়ার্ডে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কুকুয়া ইউনিয়নের আজিমপুর বাজার এলাকায় শুক্রবার বিকেল থেকেই পাগলী রাহিমা তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। স্থানীয়রা তার কষ্টের কারণ বুঝতে না পেরে রাতে ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করেন। খবর পেয়ে আমতলী থানার এসআই নাসরিন ঘটনাস্থলে গিয়ে নারী ইউপি সদস্য তাসলিমা বেগমের সহায়তায় রাহিমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান তাকে গাইনি ওয়ার্ডে ভর্তি করান। সেখানে নার্সদের সহযোগিতায় রাতেই রাহিমা এক ছেলে সন্তানের জন্ম দেন।
জন্মের পর নবজাতক শ্বাসকষ্টে ভুগতে থাকলে প্রায় দেড় ঘণ্টা চিকিৎসা দেওয়া হয়। পরে মা–ছেলেকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে দুজনেই সুস্থ আছেন বলে জানা গেছে।
ইউপি সদস্য তাসলিমা বেগম বলেন,
“আমরা তাকে ডাকতাম পাগলী; তবে তিনি নিজেই তার নাম রাহিমা বলেছেন। তিনি পরিষ্কার ভাষায় কথা বলেন এবং আমাকে ও এসআই নাসরিনকে ‘ভাবী’ বলে ডাকেছেন। মনে হচ্ছে তিনি কোনো ভালো পরিবারের মেয়ে।”
আরএমও ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন,
“ওই নারীর আগে সিজারিয়ান অপারেশনে সন্তান হয়েছিল। এরপর স্বাভাবিকভাবে সন্তান জন্ম দেওয়া অত্যন্ত জটিল বিষয়, কিন্তু আল্লাহর কৃপায় সফলভাবে সম্পন্ন হয়েছে।”
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান,
“৯৯৯ কল পাওয়ার পরপরই পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে নিরাপদে সন্তান প্রসব করেন।”
মানবিক এই ঘটনাটি আমতলী এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয়রা মা ও নবজাতকের সুস্থতার জন্য দোয়া করেছেন।



















