দিনব্যাপী কর্মসূচিতে বৈষম্য নিরসন ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি
নাগরপুরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান
- প্রকাশের সময় ০৯:৪৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ১৮৩ Time View
টাঙ্গাইলের নাগরপুরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মীরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী নাগরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরপুর পরিবার কল্যাণ পরিদর্শিকা শোভা বিশ্বাস, পাকুটিয়া ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারি জাহানারা আক্তার, দপ্তিয়র ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মনিরুল ইসলামসহ স্থানীয় সকল কর্মকর্তা ও কর্মীরা।
অংশগ্রহণকারী কর্মীরা জানান, বিগত কয়েক বছর ধরে নিয়োগবিধি বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন দফায় আশ্বাস দেওয়া হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছেন। বক্তারা জানান, ‘নিয়োগবিধি একজন সরকারি চাকরিজীবীর মৌলিক অধিকার। দীর্ঘদিন ধরে আমরা সেই অধিকার থেকে বঞ্চিত। যে পদে চাকরি শুরু, সেই পদে থেকেই অবসর নিতে হয়—এটি সুস্পষ্ট বৈষম্য।’
এসময় বক্তারা আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশের অগ্রযাত্রায় এই অনিয়ম বড় প্রতিবন্ধক। তাই দ্রুত সময়ের মধ্যে নিয়োগবিধি বাস্তবায়ন এবং ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বলে কর্মীরা ঘোষণা দেন।




















