৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা পেলেন ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপক মাকরুজ্জামান
মোংলা বন্দরে সেরা কর্মকর্তার পুরস্কার
- প্রকাশের সময় ০২:৫১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ২৫৫ Time View
মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সেরা কর্মকর্তার পুরষ্কার অর্জন করেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপক মো. মাকরুজ্জামান। এর আগে ২০২২ সালে ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতেও তিনি একই ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছিলেন।
সোমবার (১ ডিসেম্বর) মোংলা বন্দরের স্টাফিং-আনস্টাফিং শেডে আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান মাকরুজ্জামানের হাতে এ পুরষ্কার তুলে দেন।
অনুষ্ঠানে মোংলা বন্দর ব্যবহারকারী হিসেবে সর্বোচ্চ জাহাজ কয়লা, মাসুল প্রদান, সার, সাধারণ পণ্য, গ্যাস, কন্টেইনারবাহী জাহাজ আনয়ন, গাড়ির জাহাজ, পণ্য হ্যান্ডলিংসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ২৯টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ১৩ কর্মকর্তা-কর্মচারী ও ঝুঁকিপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৮ কর্মকর্তা-কর্মচারীকে সম্মাননা দেওয়া হয়। পিআরএল ভোগরত ৫৬ কর্মকর্তা-কর্মচারীকেও বিদায় সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান এবং ডকুমেন্টারি প্রদর্শনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উদযাপন করা হয়।




















