৫–৬ ডিসেম্বর দলবদল; বিদ্রোহী ক্লাবগুলোর অনুপস্থিতিতেই সিদ্ধান্তে অটল বিসিবি৫–৬ ডিসেম্বর দলবদল; বিদ্রোহী ক্লাবগুলোর অনুপস্থিতিতেই সিদ্ধান্তে অটল বিসিবি
অবশেষে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হচ্ছে ১১ ডিসেম্বর
- প্রকাশের সময় ১০:২১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / ২৮০ Time View
অবশেষে বহু বিতর্ক ও অনিশ্চয়তার পর প্রথম বিভাগ ক্রিকেট লিগ চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১১ ডিসেম্বর থেকে লিগ শুরুর প্রস্তুতি নিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। লিগকে সামনে রেখে ৫ এবং ৬ ডিসেম্বর ক্লাবগুলোকে নতুন করে দলবদলের সুযোগ দেওয়া হবে।
শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ও বোর্ড পরিচালকদের বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়। তবে বৈঠকে বিদ্রোহী ক্লাবগুলোর কোনো প্রতিনিধিকে দেখা যায়নি।
বিসিবি জানায়, যেসব ক্লাব দলবদলে অংশ নেবে, তাদের নিয়েই প্রথম বিভাগ লিগ শুরু হবে। যারা অংশ নেবে না, তাদের জন্য লিগ আর পেছানো হবে না। প্রয়োজনে ওইসব ক্লাবের খেলোয়াড়দের নিয়ে আলাদা টুর্নামেন্ট আয়োজন করবে বোর্ড। সিসিডিএম একই নিয়ম অন্যান্য লিগেও প্রয়োগ করার পরিকল্পনা করছে।
৭৬টি ক্লাবের মধ্যে প্রায় ৪৩টি ক্লাব বয়কটের সিদ্ধান্তে অনড় রয়েছে বলেও জানা গেছে। তবে মোহামেডান ক্লাব থেকে সবুজ সংকেত পাওয়ার কথা জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল।
বাংলাদেশ ক্রিকেটে ক্লাবগুলোর অবদানের কথা তুলে ধরে বুলবুল বলেন,
“প্রায় ৪০–৫০ বছর ধরে বাংলাদেশ ক্রিকেট চালিয়ে আসছেন ক্লাব কর্মকর্তারা। বাংলাদেশ এখন ২৫ বছর ধরে টেস্ট খেলছে। খেলোয়াড়দের র্যাঙ্কিং ও সামগ্রিক ক্রিকেটের যে উন্নতি—এর মূল ভিত্তিই ক্লাব ক্রিকেট।”
তিনি আরও বলেন,
“বোর্ডের একজন কর্মকর্তা হিসেবে বলতে চাই—আমরা ক্রিকেট, ক্রিকেটার ও ক্লাবগুলোর প্রতি শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। এটিই আমাদের মূল কাজ।”





















