মনোনয়ন বঞ্চিতদের মিথ্যা তথ্য প্রচারের নিন্দা—নিজ রাজনৈতিক ইতিহাস তুলে ধরলেন লাভলু
নাগরপুরে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর সংবাদ সম্মেলন
- প্রকাশের সময় ১০:৫৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ২২৬ Time View
টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী রবিউল আওয়াল লাভলু এক সংবাদ সম্মেলনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে মনোনয়ন বঞ্চিতদের উদ্দেশ্যমূলক মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে তিনি নাগরপুরে নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সহ-সভাপতি তোফায়েল আহম্মেদ বাছেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ খান ফারুক, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, মীর সোহেল, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, যুবদল, বিএনপির বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
লিখিত বক্তব্যে রবিউল আওয়াল লাভলু বলেন, তিনি ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। ছাত্রদলের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হল শাখায় ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন।
তিনি বলেন, ৯০’র গণ-আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন এবং ১৯৯৩ সালে ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নির্বাচিত হন।
লাভলু আরও জানান, ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিএসএফ হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১১ সালে টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি এবং ২০২০ সালে যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হন।
তিনি বলেন, ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন প্রার্থী হলেও বিভিন্ন কারণে মনোনয়ন পাননি।
তবুও দলের প্রতি অনুগত থেকে প্রার্থীর পক্ষে কাজ করতে গিয়ে একাধিকবার রাজনৈতিক নিপীড়ন ও গ্রেপারের শিকার হয়েছেন।
তার দাবি, দীর্ঘদিন ধরে নাগরপুর ও দেলদুয়ারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে মাঠে আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন। এসব কর্মকাণ্ড বিবেচনা করেই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের স্থায়ী কমিটি তাকে টাঙ্গাইল-৬ আসনে আনুষ্ঠানিকভাবে মনোনীত করেছেন।
মনোনয়ন ঘোষণার পর নাগরপুর-দেলদুয়ারের হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নিয়ে তাকে অভিনন্দন জানানোর বিষয় উল্লেখ করে লাভলু বলেন—“আমার জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে কিছু মনোনয়ন বঞ্চিত ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও ভুল তথ্য ছড়াচ্ছে।”
তিনি বলেন, যারা সত্যিকারে দলকে ভালোবাসে তারা কখনো দলীয় প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার করতে পারে না।
তিনি সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন—“দেশের স্বার্থে, দলের স্বার্থে আমরা সবাই মিলেই তারেক রহমানের স্বপ্ন—একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে কাজ করতে চাই।”















