বৃহত্তর সুন্নি জোটের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে সৈয়দপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিলেন গিয়াসউদ্দিন তাহেরী
- প্রকাশের সময় ০১:৩৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ১৯৪ Time View
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে দেশের ৩০০টি আসনেই প্রার্থী দেওয়া হবে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তাহেরী দাবি করেন, দেশে সম্প্রতি “মব ভাইরাসের তাণ্ডব” পরিস্থিতিকে অস্থির করে তুলেছে এবং শান্তি নিশ্চিতে এ ধরনের তাণ্ডব নিয়ন্ত্রণ জরুরি।
তিনি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত একটি শান্তিপূর্ণ সংগঠন এবং সুফিবাদী চেতনায় পরিচালিত। তার ভাষ্য অনুযায়ী, সংগঠনের অনুসারীরা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না এবং সবসময় সম্প্রীতির পক্ষে কাজ করে।
তাহেরী আরও বলেন, দেশের সুন্নি মুসলমানরা এক থাকলে আগামী জাতীয় নির্বাচনে তারা সরকার গঠনে সক্ষম হবে বলে তিনি মনে করেন। এ সময় তিনি শান্তিপ্রিয় জনগণকে বৃহত্তর সুন্নি জোটের সঙ্গে থাকার আহ্বান জানান।
রাজনৈতিক অঙ্গনে তাদের সক্রিয় হওয়ার লক্ষ্য প্রসঙ্গে তিনি জানান, শান্তির বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে এবং রাজনৈতিক প্রক্রিয়ায় ভূমিকা রাখতে তাদের এই সিদ্ধান্ত।















