সাম্প্রতিক চার দফা ভূমিকম্পে আতঙ্কের পর বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের নিয়ে তেজগাঁওয়ে বৈঠক শুরু
ভূমিকম্প প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা ইউনূস
- প্রকাশের সময় ০১:৫১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ১৬০ Time View
সাম্প্রতিক ধারাবাহিক ভূমিকম্পে দেশের বিভিন্ন এলাকায় আতঙ্ক দেখা দেওয়ায় ভূমিকম্প প্রস্তুতি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে এ বৈঠক শুরু হয়। বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তর নিশ্চিত করেছে।
জানা যায়, শুক্রবার ও শনিবার (২১–২২ নভেম্বর) দুই দিনে মোট চারবার ভূমিকম্প অনুভূত হওয়ার পর এ বৈঠক আহ্বান করা হয়। শনিবার কয়েক ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্প হওয়ার আগে শুক্রবার সকালে কয়েক দশকের মধ্যে অন্যতম শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে।
এই ভূমিকম্পে তিন জেলায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে এবং ছয় শতাধিক মানুষ আহত হয়েছেন। ঢাকার বিভিন্ন ভবনে ফাটল দেখা যায়; কয়েকটি ভবন হেলে পড়ার ঘটনাও নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে, আর এর কেন্দ্র ছিল ভূ-পৃষ্টের ১০ কিলোমিটার গভীরে বলে ভূতাত্ত্বিক সংস্থাগুলো জানিয়েছে।
সরকার পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ, ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত, উদ্ধার সক্ষমতা, পূর্বাভাস ব্যবস্থার উন্নয়ন এবং জনগণের প্রস্তুতিমূলক করণীয় নিয়ে আলোচনা করছে বলে দপ্তরসূত্র জানায়।





















