ন্নয়ন, সুশাসন ও স্বচ্ছ জনসেবার অঙ্গীকার
ফুলছড়িতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- প্রকাশের সময় ০১:১৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ২০৬ Time View
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি ফুলছড়িকে সম্ভাবনাময় উপজেলা হিসেবে আখ্যা দিয়ে উন্নয়ন, সুশাসন ও স্বচ্ছ জনসেবা নিশ্চিত করতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক বলেন, গাইবান্ধা তার কাছে নতুন কর্মস্থল নয়। পূর্বে তিনি গোবিন্দগঞ্জে এসিল্যান্ড এবং ফুলছড়িতে ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে এ জেলার মানুষের সঙ্গে তার আন্তরিক সম্পর্ক রয়েছে। বর্তমান দায়িত্বকে তিনি সেবামূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার একটি মহৎ সুযোগ হিসেবে উল্লেখ করেন।
তিনি জানান, ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও সুশাসন—সবক্ষেত্রেই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। পাশাপাশি সামাজিক সমস্যা সমাধান, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, যুবসমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো হবে প্রশাসনের অগ্রাধিকার।
উন্নয়ন প্রকল্পকে মাঠপর্যায়ে সঠিকভাবে বাস্তবায়নে প্রশাসন সবসময় তৎপর থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, তাদের গঠনমূলক রিপোর্টিং উন্নয়ন কর্মকাণ্ডকে আরও ত্বরান্বিত করবে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন—অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, সহকারী কমিশনার (ভূমি) গাজী মুয়ীদুর রহমান, ফুলছড়ি থানার ওসি মাজহারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টুমিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জহিরুল ইসলাম, ফুলছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ এসএম আসাদুল ইসলাম, ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার বর্মণ ও ফুলছড়ি সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ সভায় অংশ নেন। এর আগে জেলা প্রশাসককে ইউএনওসহ কর্মকর্তারা ফুল দিয়ে বরণ করে নেন।



















