আড়াইহাজারে টহল পুলিশের সিএনজিকে যাত্রীবাহী যান ভেবে আক্রমণ,
পুলিশের গাড়িতে ডাকাতদের হানা, অতঃপর
- প্রকাশের সময় ০১:২৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / ১৬৬ Time View
নারায়ণগঞ্জের আড়াইহাজারে টহলরত পুলিশের সিএনজিচালিত অটোরিকশাকে যাত্রীবাহী যান ভেবে হানা দিয়েছে একদল ডাকাত। তবে পুলিশ সদস্যরা অটোরিকশা থেকে বের হয়ে প্রতিরোধ গড়ে তুললে পালিয়ে যায় ডাকাত দল। রোববার (২৩ নভেম্বর) রাত ৩টার দিকে বিশনন্দী সড়কের জালকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ডাকাতি–ছিনতাই প্রতিরোধে এএসআই রিপনের নেতৃত্বে একটি সিএনজিতে করে ওই সড়কে টহল দিচ্ছিলেন পুলিশ সদস্যরা। টহল দল জালকান্দি এলাকায় পৌঁছালে রামদা হাতে একদল ডাকাত হঠাৎ আক্রমণ করে।
হামলার পর পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। এ সময় গোপালদী তদন্ত কেন্দ্রের কনস্টেবল মারুফের সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তিনি একজন ডাকাতের হাতে থাকা রামদাটি ছিনিয়ে নিতে সক্ষম হন। ধস্তাধস্তিতে কনস্টেবল মারুফ সামান্য আহত হন।
পুলিশের ধাওয়া খেয়ে শেষ পর্যন্ত ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় কেউ গ্রেপ্তার না হলেও ঘটনাস্থল থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি নাসির উদ্দিন জানান, “টহলরত পুলিশের সিএনজিকে যাত্রীবাহী গাড়ি ভেবে ডাকাত দল হানা দেয়। পুলিশ প্রতিরোধ করলে তারা পালিয়ে যায়। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”



















