অভিযোগের ভিত্তিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশ; ইউএনও সাবরিনা শারমিন বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন
রাজশাহীর দুর্গাপুরে সংরক্ষিত ইউপি সদস্য রুপালী খাতুন সাময়িক বরখাস্ত
- প্রকাশের সময় ০১:১৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ২৪৪ Time View
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৭ নং জয়নগর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য রুপালী খাতুনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদকে কেন্দ্র করে অভিযোগ দাখিল, ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে মারধর, মিথ্যা তথ্য পরিবেশন এবং ভিডাব্লিউবি চাল বিতরণে বাধা প্রদানের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১০ নভেম্বর (সোমবার) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ সামিউল মাসুদ স্বাক্ষরিত আদেশে তাঁর বরখাস্তের বিষয়টি জানানো হয়। আদেশটি কার্যকরের জন্য রাজশাহী জেলা প্রশাসক ও দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর চিঠি পাঠানো হয়েছে (স্বারক নং: ৪৬.০০.৮১০০.০০০.০১৭.২৭.০০০৪.২৫-৮৮৫/১(৭))।
উপজেলা নির্বাহী অফিসারের দপ্তর সূত্রে জানা গেছে, ইউপি সদস্য রুপালী খাতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। এছাড়া ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে মারধর, বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এবং সরকারি চাল বিতরণে বাধা দেওয়ার মতো কর্মকাণ্ডে জড়িত থাকার ব্যাপারে জেলা প্রশাসকের কার্যালয়ে একাধিকবার প্রতিবেদন পাঠানো হয়।
অভিযোগ পর্যালোচনার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় অভিযোগের সত্যতা পাওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন–২০০৯-এর ৩৪(৪)(খ) ও (ঘ) ধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন তাঁর বরখাস্তের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।















