ঠাকুরগাঁওয়ে পরিবেশবান্ধব নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের মাঝে চেক ও কৃষি উপকরণ বিতরণ
ঠাকুরগাঁওয়ে পরিবেশবান্ধব নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের মাঝে চেক ও কৃষি উপকরণ বিতরণ
- প্রকাশের সময় ০১:০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / ২৭২ Time View
পরিবেশবান্ধব নিরাপদ সবজি উৎপাদনকে উৎসাহিত করতে ঠাকুরগাঁও জেলায় কৃষকদের মাঝে অনুদানের চেক ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে গোবিন্দনগরে ইকো স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)–এর প্রধান কার্যালয়ে এ উপকরণ হস্তান্তর ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইএসডিও’র বাস্তবায়ন এবং পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)–এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ শহীদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাজেদুল ইসলাম। তিনি কৃষকদের হাতে মাটিপরীক্ষার যন্ত্র, পিপি, ব্যালেন্ডর মেশিনসহ বিভিন্ন কৃষি উপকরণ এবং অনুদানের চেক তুলে দেন।
আয়োজকরা জানান, পরিবেশবান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ ভ্যালু চেইন উপপ্রকল্প (আরএমটিপি)–এর আওতায় জনগণকে স্বাস্থ্যসচেতন করে তুলতে এবং স্বাস্থ্যকর খাবার গ্রহণে উৎসাহিত করতে এ সহায়তা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ২১৫ জন কৃষকের মাঝে মোট ২৬ লাখ ৩০ হাজার টাকার চেক এবং ২ লাখ ৫০ হাজার টাকার কৃষি উপকরণ বিতরণ করা হয়। স্থানীয় কৃষকরা এ সহায়তার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনে আরও এগিয়ে যাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।





















