রাঙ্গুনিয়ার মানুষ আমাকে ভাইপুত বলে ডাকে’—বিএনপি নেতা হুমাম কাদের চৌধুরী
সালাউদ্দিন কাদের চৌধুরীর ১০তম মৃত্যুবার্ষিকীতে রাঙ্গুনিয়ায় দোয়া ও আলোচনা সভা
- প্রকাশের সময় ০২:৪৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ২৪১ Time View
বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, রাঙ্গুনিয়ার মানুষ দীর্ঘকাল ধরে তার বাবার প্রতি ভালোবাসা দেখিয়েছে। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে রাঙ্গুনিয়ার কাদের নগরে তার বাসভবনে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় সভাপতিত্ব করেন ভিপি আনছুর উদ্দিন। প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলামের আমীর ফটিকছড়ি জামিয়া ইসলামিয়া বাবু নগর মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ মুহিবুুল্লাহ বাবুনগরী।
হুমাম কাদের চৌধুরী বলেন, “আজকে আমি চাইতে এসেছি না, খালি দিতে এসেছি। রাঙ্গুনিয়ার মানুষ ফেব্রুয়ারি মাসে প্রমাণ করবে, সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ ছিলেন। ভোটের মাধ্যমে আমরা এটি নির্ধারণ করব। তাই আজ আমরা ভোট চাই বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য।”
তিনি আরও বলেন, “যতক্ষণ পর্যন্ত আমরা বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারি না, ততক্ষণ আমাদের লড়াই চলবে। রাঙ্গুনিয়ার মানুষ আমাকে ‘ভাইপুত’ বলে ডাকে, এবং তাদের ভালোবাসা আমার পথ প্রদর্শক।”
সভায় ফয়জুল কাদের চৌধুরী ও অন্যান্য স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য রাখেন। সর্বশেষে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়া-মুনাজাত পরিচালনা করেন আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।
এর আগে হুমাম কাদের চৌধুরী পরিবারের সঙ্গে মিলিত হয়ে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, দীর্ঘ ১০ বছর পর নিজ বাসভবনে প্রথমবারের মতো মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে কাদের নগরস্থ বাসভবনে বিএনপি নেতা-কর্মীদের উপস্থিতি ব্যাপক হয়ে লোকারণ্য সৃষ্টি করে।















