নাগরিকের সক্রিয় ভূমিকা ও নতুন চিন্তাধারার প্রয়োজনীয়তার ওপর জোর
সন্দেহ-অবিশ্বাস নয়, নিয়ম পরিবর্তনেই আসবে উন্নয়ন: উপদেষ্টা রিজওয়ানা হাসান
- প্রকাশের সময় ০১:২১:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ১৭৮ Time View
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সন্দেহ ও অবিশ্বাসের ভিত্তিতে কোনো দেশের পরিবর্তন সম্ভব নয়। শনিবার (২২ নভেম্বর) সকালে রাজধানীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “উপদেষ্টা পরিষদ একাই কিছু করতে পারবে না। পরিবর্তন আসবে তখনই, যখন নাগরিকরা নিজেরাই উদ্যোগ নেবেন।”
পুরনো রাজনৈতিক ধারা এবং প্রচলিত নিয়মে আটকে থাকা সমাজে পরিবর্তন আনতে হলে নতুন চিন্তাধারা ও আধুনিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তার মতে, পুরোনো নিয়ম ও ধারণাকে অপরিবর্তনীয় ভাবলে উন্নয়ন সম্ভব নয়।
রিজওয়ানা বলেন,
“মানুষ নয়, নিয়মই বদলাতে হবে। নিয়ম ঠিক থাকলেই কাঙ্ক্ষিত ফলাফল আসবে। আমরা সেই নিয়মগুলো কার্যকর করতে কাজ করছি।”
নদী দূষণ রোধের বিষয়ে তিনি জানান, শিগগিরই সমন্বিত ও দেশব্যাপী দূষণ নিয়ন্ত্রণ প্রক্রিয়া শুরু হবে। তিনি বলেন, “কেবল একটি স্থানে দূষণ নিয়ন্ত্রণ করলে হবে না; পুরো প্রক্রিয়াটিকে সমন্বিতভাবে বাস্তবায়ন করতে হবে।”





















