গণভোট না হলে ইসলামী দলগুলো নির্বাচনে বিপুল ভোটে জয়ের আশা করছে
বিএনপির একগুঁয়েমি আর হটকারিতার কারণে দেশ স্বৈরাচারি অবস্থার দিকে ধাবিত হচ্ছে: আকন্দ
- প্রকাশের সময় ১০:৪১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / ২৪৩ Time View
বিএনপি ইচ্ছাকৃতভাবে গণভোটকে অকার্যকর ও অর্থহীন করতে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের দাবি তুলছে—যা বাস্তবে কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা এবং তাদের পাস করা আইনকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া গণভোটের মাধ্যমেই নিশ্চিত হতে হবে। বিএনপি এ মৌলিক বিষয়টি মানতে রাজি না। এ অবস্থায় জাতির সামনে সত্য তুলে ধরতে গণসমাবেশের প্রস্তুতি চলছে। তার দাবি—একটি (বিএনপির) দলের একগুঁয়েমি আর হটকারিতার কারণেই দেশ আবার স্বৈরাচারি অবস্থার দিকে ধাবিত হচ্ছে। এই পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করতেই ৮টি ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টায় কিশোরগঞ্জ শহরের নগুয়া বটতলা এলাকার নেহাল পার্কে জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আকন্দ আশা প্রকাশ করে বলেন, নির্বাচনের আগে গণভোট অবশ্যই হওয়া উচিত। না হলে অন্যান্য ইসলামী দলকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে, আল্লাহর ইচ্ছায়, ইসলামী দলসমূহ বিপুল ভোটে বিজয়ী হবে এবং স্বৈরাচারি ব্যবস্থার অবসান ঘটবে।
জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনা ও জেলা আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, কিশোরগঞ্জ-১ আসনের প্রার্থী মোসাদ্দেক ভূঁইয়া, কিশোরগঞ্জ-২ আসনের প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, কিশোরগঞ্জ-৩ আসনের প্রার্থী প্রফেসর কর্নেল (অব.) ডা. জেহাদ খান, কিশোরগঞ্জ-৪ আসনের প্রার্থী মো. রোকন রেজা শেখ, কিশোরগঞ্জ-৬ আসনের প্রার্থী মাওলানা কবির হোসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস সাঈদ বিন হাবিব।
সম্মেলনে নারী-পুরুষ মিলিয়ে ৭৫০ জন রুকন উপস্থিত ছিলেন।















