মহানগর বিএনপির উদ্যোগে ১৯ নং ওয়ার্ডে আয়োজন; বক্তাদের দাবি—৩১ দফা রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা
ময়মনসিংহে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত
- প্রকাশের সময় ০২:৩০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ২৯২ Time View
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির বাস্তবায়ন উপলক্ষে ময়মনসিংহে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় ব্রীজ মোড় আবাসন এলাকায় ১৯ নং ওয়ার্ড মহানগর বিএনপির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ, এবং সদর–৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক শেখ আমজাদ আলী, যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ মহানগর বিএনপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ড. প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ, অধ্যাপক, এনিম্যাল সায়েন্স বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এছাড়া উপস্থিত ছিলেন আসাদুজ্জামান আসাদ, ডেপুটি রেজিস্ট্রার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন বিনয়, সভাপতি, আবাসন বিএনপি। বিভিন্ন ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে ছিলেন—মো. সোহেল মিয়া, মো. জসিম উদ্দিন, মো. সোহেল রানা, মো. তারিকুল ইসলাম, মো. মুরাদ হুসাইন, মো. সিদ্দিকুর রহমান, মো. নজরুল ইসলাম, মো. সাখাওয়াত হোসেন সৌরভ, মো. সুলতান মিয়া, মো. শহীদুল ইসলাম, মো. মোখলেছুর রহমান, রুবেল সরকার, মো. মইনুল হকসহ আরও অনেকে।
আলোচনা সভায় অতিথিদের বক্তব্য
অধ্যাপক শেখ আমজাদ আলী বলেন,“রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি জনগণের আশা ও আস্থার প্রতিফলন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচির মতোই এটি জাতীয়তাবাদী রাজনীতির ভিত্তি মজবুত করবে।”
তিনি বলেন,“দেশনেত্রী খালেদা জিয়ার ভিশন–২০৩০ এবং বর্তমান সময়ের প্রয়োজন বিবেচনায় তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি দেশ পুনর্গঠনে ভূমিকা রাখবে।”
বক্তারা আরও বলেন, “সবার আগে বাংলাদেশ”—এই ধারণা নিয়ে যে কনসার্ট ও কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে, তা জাতীয়তাবাদের নতুন জাগরণ সৃষ্টি করেছে। তারা বক্তৃতায় শহীদ জিয়াউর রহমানের উক্তি—‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’—উল্লেখ করেন।
সভায় সরকারবিরোধী বিভিন্ন বক্তব্যও উপস্থাপন করা হয়, যেখানে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তারা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজনৈতিক ঐক্য ও সাংগঠনিক শক্তিশালীকরণের আহ্বান জানান।















