ঠাকুরগাঁওয়ে এসে আসিফ আকবর বললেন—তৃণমূলে নজর না দিলে প্রতিভা হারিয়ে যাবে
বিসিবির মিস ম্যানেজমেন্টে তৃণমূলে উন্নতি নেই: আসিফ আকবর
- প্রকাশের সময় ০৮:১৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ২৭০ Time View
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিস ম্যানেজমেন্টের কারণেই তৃণমূলের সমস্যাগুলো কেন্দ্রীয় পর্যায়ে পৌঁছায় না বলে মন্তব্য করেছেন বিসিবির পরিচালক আসিফ আকবর। তিনি বলেন, “ঢাকায় যারা সিদ্ধান্ত নেন তারা জেলা ও উপজেলার মাঠ পর্যায়ে তেমন আসেন না। ফলে তৃণমূলের প্রতিভা উঠে আসতে পারছে না।”
বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা পরিদর্শনে এসে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এসব মন্তব্য করেন তিনি।
আসিফ আকবর বলেন, “বাংলাদেশ দুই দেশের সীমানা দিয়ে ঘেরা—একদিকে ভারত, অন্যদিকে মিয়ানমার। একজন দেয় ফেনসিডিল, আরেকজন দেয় ইয়াবা। যদি আরও কয়েকটি দেশের সীমানা থাকতো, বাংলাদেশ হয়তো হাওয়ায় উড়ে যেত। তাই তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে খেলাধুলার বিকল্প নেই।” তিনি আরও বলেন, মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে হলে তৃণমূলে খেলাধুলাকে বিস্তৃত করতে হবে এবং তাদের আগ্রহ বাড়াতে হবে।
তিনি বলেন, “ওয়েস্ট ইন্ডিজ বা সাকিবুল হাসানদের দিকে তাকিয়ে থাকলে হবে না। আমাদের স্কুল ও মাদ্রাসা পর্যায়ের উদীয়মান সাকিবুল, মুশফিক বা মাশরাফিদের যত্ন নিতে হবে। তবেই ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেট এগোবে।”
পরিদর্শনে বিসিবির পরিচালক হাসানুজ্জামান, বিসিবির আম্পায়ার শাকির, সাধারণ প্রশাসন বিভাগের মেম্বার সেক্রেটারি আরমানুল ইসলাম উপস্থিত ছিলেন। তারা স্টেডিয়ামের বর্তমান সুবিধা, প্রশিক্ষণ অবকাঠামো, গ্রাউন্ড কন্ডিশন, নেট সুবিধা, একাডেমির সম্ভাবনা এবং জেলা পর্যায়ে ক্রিকেট উন্নয়নের করণীয় বিষয়গুলো পর্যালোচনা করেন।





















