সাইবার সুরক্ষা আইনের আওতাভুক্ত নয়—আদালত
তারেক রহমানকে কটূক্তির মামলার আবেদন খারিজ
- প্রকাশের সময় ০৮:৫১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ১৯০ Time View
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফেসবুকে কটূক্তির অভিযোগে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী এ আদেশ দেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহসাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর বুধবার মামলার আবেদন করেন। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিকুল ইসলাম জানান, মামলার অভিযোগ সাইবার সুরক্ষা অধ্যাদেশের আওতায় না আসায় আদালত আবেদন খারিজ করেন।
আবেদনে বলা হয়, ১২ নভেম্বর দলীয় সমাবেশে ভার্চ্যুয়ালি দেওয়া বক্তব্যে তারেক রহমান বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে গণভোটের চাইতে আলুর ন্যায্যমূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।’ এরপর আসামি শাহিন মাহমুদ ১৫ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে মন্তব্য করেন— ‘৮৮ কোটি টাকা দিয়ে বুলেটপ্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ, আলুর ন্যায্য দাম পেত।’
অভিযোগে দাবি করা হয়, আসামির মন্তব্য তারেক রহমানের গৌরব, সম্মান ও রাজনৈতিক দূরদর্শিতাকে কলুষিত করেছে এবং উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালানো হয়েছে। এতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫–এর ২৩(২), ২৫(১), ২৭(১) ও ২৭(২) ধারায় অপরাধ হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছিল। তবে আদালত অভিযোগকে আইনের আওতাভুক্ত নয় বলে আবেদন খারিজ করেন।















