বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে অগ্রদূত বাংলাদেশের বাস্তবায়ন
গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর টয়লেট বরাদ্দে উঠান বৈঠক ও চাবি বিতরণ
- প্রকাশের সময় ০৮:৪৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ১৯৭ Time View
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য স্যানিটেশন সুবিধা উন্নয়নে বিশেষ বরাদ্দের আওতায় সেমিপাকা টয়লেট নির্মাণ প্রকল্পের উঠান বৈঠক ও চাবি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) আর্থিক সহায়তায় এবং অগ্রদূত বাংলাদেশ, রহনপুরের বাস্তবায়নে বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রদূত বাংলাদেশ গোমস্তাপুর শাখার সভাপতি ফাতেমা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা সহকারী প্রকৌশলী শাহাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ পরামানিক।
স্বাগত বক্তব্য দেন অগ্রদূত বাংলাদেশের নির্বাহী পরিচালক ইয়াহিয়া খান রুবেল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন নাহিদ।
উপকারভোগীরা টয়লেটের চাবি হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন—“আজ আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। টয়লেটগুলো আমাদের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করেছে। স্বাস্থ্যঝুঁকি অনেকটাই কমে যাবে। আমরা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই, যারা আমাদের জন্য এই সুবিধা নিশ্চিত করেছেন।”
এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্যানিটেশন সুবিধা আরও উন্নত হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।





















