বিদ্যুৎ সঞ্চালন লাইনের অবহেলায় প্রাণ হারান সবুজ সরদার
বাগেরহাটের ফকিরহাটে বিদুৎতায়িত হয়ে বিদ্যুৎ শ্রমিক নিহত
- প্রকাশের সময় ০১:০০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ২৫৬ Time View
ফকিরহাটের পিলজংগ সুকদাড়া এলাকায় বৈদ্যুতিক পুলে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন সবুজ সরদার (২৬) নামের এক বিদ্যুৎ শ্রমিক। শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটে। নিহত সবুজ সরদার বাগেরহাট জেলার কাড়াপাড়ার সাবেরডাঙ্গা গ্রামের ইসলাম সরদারের ছেলে।
দুর্ঘটনার বিবরণ:
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে সবুজ সরদার বাগেরহাট সদর পল্লী বিদ্যুতের আওতায় একটি বিদ্যুতের খুটিতে কাজ করছিলেন। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারে ঝুলে পড়েন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে নিচে নামাতে সক্ষম হন।
সবুজ সরদার সামি এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে কাজ করছিলেন। তিনি একা ছিলেন না, তার সঙ্গে আরেকজন শ্রমিকও কাজ করছিলেন। তবে দুর্ঘটনাটি ঘটেছে বিদ্যুৎ লাইনের চালু অবস্থায়, যার কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
ফায়ার সার্ভিসের চেষ্টা:
ফকিরহাট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, “আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর বিদ্যুতের খুঁটির উপর থেকে মরদেহ নামাতে সক্ষম হই।”
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বক্তব্য:
ফকিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক আনন্দ কুমার কুন্ডু বলেন, “এটি আমাদের অফিসের আওতাধীন কাজ ছিল। বিষয়টি আমাদের অবগত করা হয়েছে।”
বাগেরহাট পল্লী বিদ্যুৎ মহাব্যবস্থাপক সুশান্ত রায় জানান, “কোনো শ্রমিক কাজ করার আগে আমাদের অবগত করা উচিত ছিল। এভাবে কাজ করার আগে ফিডারটি বন্ধ রাখতে বলা হয়েছিল, কিন্তু তারা তা করেনি।”
পুলিশ ও প্রশাসনের বক্তব্য:
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, “আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”




















