দীর্ঘদিনের সেবা সত্ত্বেও অবসর ভাতা ও কল্যাণ ফান্ডের টাকা না পেয়ে চিকিৎসা সংকটে শিক্ষক
অর্থাভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছেন প্রাক্তন প্রধান শিক্ষক
- প্রকাশের সময় ০৯:২২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ২০৫ Time View
বরিশালের আগৈলঝাড়া উপজেলার ভেগাই হালদার পাবলিক একাডেমীর প্রাক্তন ইংরেজি শিক্ষক ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুল হক ২০২২ সালের ১১ অক্টোবর অবসর গ্রহণের পর থেকে এখনও তার অবসর ভাতা ও কল্যাণ ফান্ডের টাকা পাননি। দীর্ঘদিন অর্থাভাবে দিনাতিপাত করা এই সৎ ও আদর্শবান শিক্ষক বর্তমানে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি ক্ষতিসহ নানান জটিল রোগে আক্রান্ত। দুই চোখে দেখতে না পারায় তিনি চলাফেরার জন্য অন্যের সাহায্যের ওপর নির্ভরশীল।
মেয়ে জামাতা ও শিক্ষার্থীদের সহযোগিতায় তাঁর ডায়ালাইসিস ও ওষুধ চললেও উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক সুবিধা পাচ্ছেন না। স্থানীয়রা জানিয়েছেন, শিক্ষকতার ৩০ বছরের সুনামের পরও অবসর ভাতা ও কল্যাণ ফান্ডের ৩০ লক্ষাধিক টাকা না পেয়ে তিনি বর্তমানে মৃত্যুর প্রহর গুনছেন।
শিক্ষক মিজানুল হকের মেয়ে সামিয়া আক্তার জানান, “অবসর গ্রহণের পর থেকে বাবা অসুস্থ অবস্থায় আমার কাছে ঢাকায় রয়েছেন। আমি যতটা পারি চিকিৎসার ব্যবস্থা করছি, তবে উন্নত চিকিৎসার জন্য অর্থের অভাবে সীমাবদ্ধতা আছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।”
আগৈলঝাড়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার বলেন, “শিক্ষক মিজানুল হক যেন তার প্রাপ্য অবসর ভাতা ও কল্যাণ ফান্ডের টাকা দ্রুত পেয়ে উন্নত চিকিৎসা করাতে পারেন, সেজন্য শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।”
প্রসঙ্গত, ২০২২ সালের ১১ অক্টোবর তিনি অবসর গ্রহণের পর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালকের কাছে প্রয়োজনীয় কাগজপত্রসহ অবসরকালীন ভাতা পেতে আবেদন করেছিলেন।




















