‘হাসিনা দিল্লিতে বসে হরতাল ঘোষণা করছে, দলের ছেলেদের দিয়ে দেশে জ্বালাও-পোড়াও করছে’—ঠাকুরগাঁওয়ে বক্তব্য বিএনপি মহাসচিবের।
নির্বাচন হলে জামায়াত-এনসিপির অস্তিত্ব থাকবে না: মির্জা ফখরুল
- প্রকাশের সময় ১০:২১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ২১৩ Time View
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জামায়াত ও এনসিপি নির্বাচনকে ভয় পায়। তারা খুব ভালো করেই জানে, সুষ্ঠু নির্বাচন হলে তাদের অস্তিত্ব থাকবে না। তাই তারা ‘পি আর’ পদ্ধতির কথা বলে নির্বাচন পেছাতে চায়।”
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বড়গাঁও ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “নির্বাচন পিছানোর কোনো সুযোগ নেই। নির্বাচন পিছলে দেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। সংস্কারের যেসব বিষয়ে আমরা একমত হয়েছি, তার বাইরে কিছু চাপিয়ে দিলে এর দায় নিতে হবে সরকারকেই।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, “হাসিনা দিল্লিতে বসে হরতাল ঘোষণা করছে। দলের ছেলেদের দিয়ে গাড়িবহর পোড়াচ্ছে, আর নিজে আরামে বসে আছে। সাহস থাকলে দেশে এসো, জনগণের সঙ্গে থেকো—তখন কথা হবে।”
তিনি আরও বলেন, “জামায়াতের লোকেরা নারীদের কাছে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। তারা ‘পিআর’ (Proportional Representation) পদ্ধতি নিয়ে বড় বড় কথা বলছে, অথচ এই ব্যবস্থায় স্বতন্ত্র প্রার্থী হওয়া সম্ভব নয়। এতে দলের বাইরের কেউ প্রতিদ্বন্দিতা করতে পারবে না।”
সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলি, স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।















