স্বামীর নির্যাতনে মৃত্যু নাকি স্বাভাবিক মৃত্যু — প্রশ্ন স্থানীয়দের
রাণীশংকৈলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
- প্রকাশের সময় ০১:৪৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / ২৩৮ Time View
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন মো. শহিদুল ইসলামের স্ত্রী মোছা. রুপসানা বেগম (২৫)। সোমবার (৩ নভেম্বর) দুপুরে নিজ বাড়িতেই এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন রুপসানা বেগম। স্বামী শহিদুল ইসলাম স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে তার চিকিৎসা করাচ্ছিলেন বলে জানা যায়।
তবে রুপসানার বাপের বাড়ির লোকজন দাবি করেছেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়। তাঁদের অভিযোগ, রুপসানাকে শারীরিকভাবে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। তাঁরা জানান, বিয়ের পর থেকেই রুপসানা স্বামীর হাতে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার ছিলেন। একাধিকবার বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হলেও নির্যাতন বন্ধ হয়নি। অবশেষে সেই নির্যাতনের জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, “পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে রুপসানাকে হত্যা করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
রুপসানার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন করা হোক।



















