দুটি স্পেশাল ট্রেন চালু ও আট দফা বাস্তবায়নের আহ্বান অংশগ্রহণকারীদের
শায়েস্তাগঞ্জে রেল উন্নয়ন ও যাত্রীসেবা বৃদ্ধির দাবিতে মানববন্ধন
- প্রকাশের সময় ০৩:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / ২২৪ Time View
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সিলেট-ঢাকা-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চালু, রেলপথ উন্নয়ন এবং যাত্রীসেবা বৃদ্ধিসহ আট দফা দাবির বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) দুপুরে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সহযোগিতায় “আট দফা দাবি বাস্তবায়ন আন্দোলন শায়েস্তাগঞ্জ” এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতন, এবং সঞ্চালনা করেন উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—
বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শাহ মো. হুমায়ূন কবীর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদ আহমেদ সোহেল, সাংবাদিক হামিদুল হক বুলবুল, ইনজামামুল হক নাঈম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান পারভেজ, এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামছুল আলম রিপনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আট দফা দাবি সমূহঃ
১. সিলেট-ঢাকা-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চালু।
২. আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীতকরণ।
৩. আখাউড়া-সিলেট সেকশনে একটি লোকাল ট্রেন চালু।
৪. শায়েস্তাগঞ্জ-বাল্লা রেললাইন পুনরায় চালু।
৫. আখাউড়া-সিলেট সেকশনের বন্ধ স্টেশনগুলো পুনরায় চালু।
৬. শায়েস্তাগঞ্জ জংশনে বরাদ্দকৃত আসন সংখ্যা বৃদ্ধি।
৭. সিলেট-ঢাকাগামী কালনী ও পারাবত ট্রেনের আযমপুরের পর ঢাকা অভিমুখী যাত্রাবিরতি প্রত্যাহার।
৮. ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন ব্যবহার এবং যাত্রী চাহিদা অনুযায়ী অতিরিক্ত বগি সংযোজন।
বক্তারা জানান, দাবি দ্রুত বাস্তবায়িত না হলে শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, শমসেরনগর, কুলাউড়া, মাইজগাঁও ও সিলেট রেলস্টেশনে একযোগে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করা হবে।





















